প্রেমের টানে চীন থেকে বাংলাদেশ ইসলাম গ্রহণ করে বিয়ে
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম গ্রহণের পর বিয়ে
প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে এক তরুণীকে বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী এক যুবক। দিনাজপুরের হাকিমপুরের রাইসা আক্তার তারার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফং। পরে নিজের নাম রাখেন মোহাম্মদ আলী এবং বিয়ে করেন রাইসাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। এরপর গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোহাম্মদ আলী’ নাম নেন তিনি। পরে রাইসার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বৃহস্পতিবার রাতে নবদম্পতি হাকিমপুরে রাইসার বাড়িতে গেলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
রাইসা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানে কাজের সুবাদে পংফংয়ের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে চীনে গিয়ে বিয়ের ইচ্ছার কথা জানালে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন।
এরপর মুঠোফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। রাইসার প্রস্তাবে পংফং রাজি হয়ে বাংলাদেশে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণের পর তাকে বিয়ে করেন।
রাইসা জানান, তাকে বিয়ে করার জন্যই পংফং বাংলাদেশে এসেছেন। তার ইসলাম গ্রহণ ও বিয়ের ঘটনায় পরিবার এবং এলাকাবাসী সবাই খুশি।
রাইসার নানা বাদল জানান, ঢাকায় পরিচয়ের পর তারা একে অপরকে পছন্দ করেন। পরে চীনা যুবক বাংলাদেশে এসে তার নাতনিকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে নবদম্পতি বাড়িতে আসায় পরিবারের সবাই আনন্দিত।