পাকিস্তানের নির্বাচনে হাফিজ সাঈদের দল অংশ নেওয়ায় তীব্র বিতর্ক

১১ নভেম্বর ২০২৬ - ১২:১৫ অপরাহ্ণ
 0
পাকিস্তানের নির্বাচনে হাফিজ সাঈদের দল অংশ নেওয়ায় তীব্র বিতর্ক

পাকিস্তানের উপনির্বাচনে হাফিজ সাঈদের দলের অংশগ্রহণ নিয়ে বিতর্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাফিজ সাঈদের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের (পিএমএমএল) অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রথমবারের মতো দলটির নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পাঞ্জাবের ক্ষমতাসীন সরকার। মঙ্গলবার এ নিয়ে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পিএমএমএলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনা দেখা দেয়।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুজরানওয়ালার এনএ-৭৭ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। ক্ষমতাসীন দল প্রশ্ন তুলেছে, রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দল কীভাবে নাম পরিবর্তন করে নির্বাচনে অংশ নিতে পারে।

ওই আসনে পিএমএল-এনের প্রার্থী রশিদ বশির ভির্ক ৪৩ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পিএমএমএলের প্রার্থী মুহাম্মদ ইব্রাহিম গুজ্জর পেয়েছেন ৩০ হাজার ভোট।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী আজমা বুখারি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র যেসব সংগঠনকে নিষিদ্ধ করেছে, সেগুলো কীভাবে নাম পরিবর্তন করে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে? সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন দেওয়া সংগঠনগুলোর রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি পাকিস্তানের নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আজমা বুখারি আরও বলেন, সহিংসতা ও সন্ত্রাসবাদের রাজনীতি পরাজিত হয়েছে। অন্যদিকে জনসেবা ও কাজের মাধ্যমে সাফল্য দেখানোর রাজনীতি জয়ী হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও এ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, গুজরানওয়ালায় পিএমএল-এনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনসহ প্রধান সব প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনে অংশ নিয়েছে। এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই) নতুন নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এতগুলো দল একজোট হওয়ার পরও তারা বড় ব্যবধানে পরাজিত হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে পিএমএমএল। দলটির অভিযোগ, উপনির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন করা হয়েছে।

এদিকে পিএমএমএলের সঙ্গে সরকারি পর্যায়ের যোগাযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনেটর তালাল চৌধুরী ফয়সালাবাদে দলটির কার্যালয় পরিদর্শন করে তাদের কার্যক্রমের প্রশংসা করেছিলেন। একইভাবে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক আহমদ খান এক জনসভায় হাফিজ সাঈদের প্রশংসা করেন।

এ ছাড়া ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের সময় পাঞ্জাব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জামাত-উদ-দাওয়ার সদস্যদের জানাজায় অংশ নিয়েছিলেন। ভারতের হামলায় সংগঠনটির সদস্যদের কথিত সন্ত্রাসী শিবিরে নিহত হওয়ার পর ওই জানাজার আয়োজন করা হয়। সব মিলিয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলটির নির্বাচনে অংশগ্রহণ এবং সরকারি পর্যায়ে অতীত যোগাযোগ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।