নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব মামদানির

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৬ পূর্বাহ্ণ
 0
নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব মামদানির

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব দিলেন মামদানি

জাতিসংঘের মঞ্চে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে আক্রমণ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার সেই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মামদানি।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সমালোচনার জবাব দেন। একইসঙ্গে নিউইয়র্কে ইসরায়েলবিরোধী অবস্থানের জন্য মামদানির সমালোচনা করেন তিনি এবং তাকে ‘ইহুদিবিদ্বেষী মেয়র’ বলে আখ্যা দেন।

এরপর এক বিবৃতিতে মামদানি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে চলমান সমালোচনা থেকে দৃষ্টি সরাতেই নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চ ব্যবহার করেছেন। তার ভাষ্য, নেতানিয়াহুর বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে গাজা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটাতে পারবে না।

মামদানি দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধ এবং নেতানিয়াহু সরকারের নীতির সমালোচনা করে আসছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন।

নেতানিয়াহুর ভাষণের সময় মামদানি জাতিসংঘের হলে উপস্থিত ছিলেন না। এর পরিবর্তে নিউইয়র্কে গাজার কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটান এবং একটি জলপাইগাছের চারা রোপণ করেন। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

এদিকে নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে অনেক প্রতিনিধি বেরিয়ে যান। গাজা যুদ্ধ, ইসরায়েলের সামরিক অভিযান এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের মধ্যেই মুখোমুখি অবস্থানে দেখা গেল নেতানিয়াহু ও মামদানিকে।