শেখ হাসিনা আর ফিরবেন না! বললেন চিফ প্রসিকিউটর
শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বর্তমানে যেসব পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো মূলত রাজনৈতিক স্টান্টবাজি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সি উইল নট কামব্যাক’, অর্থাৎ শেখ হাসিনা আর দেশে ফিরবেন না।
এ সময় দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশের বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠিও পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ আবেদন ও চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ওই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন তিনি।
অন্যদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।