ফ্রিতে ২ লাখ টাকার প্রশিক্ষণ কোর্স শেষে চাকরির সুযোগ
ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
তরুণ ও মেধাবীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ বা আইএসডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে চলছে শিক্ষার্থী ভর্তি।
এই কর্মসূচির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরাও বিনামূল্যে বিভিন্ন আইটি কোর্সে প্রশিক্ষণ নিতে পারবেন। কোর্সগুলো বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির সুযোগও রয়েছে।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ জানিয়েছে, গত ১৯ বছরে এই প্রোগ্রামের মাধ্যমে ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে। তাদের মধ্যে প্রায় ৯২ শতাংশ বর্তমানে দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
পুরো প্রশিক্ষণ কর্মসূচিই বিনামূল্যে। কোর্সগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। চলমান রাউন্ডে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগে কোনো রাউন্ডে কোনো কোর্সে অংশ নেওয়া প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না।
স্নাতক ও সমমানের প্রার্থীদের জন্য ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, লারাভেল-রিঅ্যাক্ট-ভিউ.জেএস-ওয়ার্ডপ্রেস, এএসপি.নেট ও অ্যাঙ্গুলার, ওরাকল ডেটাবেজ, নেটওয়ার্ক সলিউশন এবং গ্রাফিকস-অ্যানিমেশন ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন কোর্স রয়েছে।
আর চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আর্কিটেকচারাল ও সিভিল ক্যাড, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিকস-ভিডিও এডিটিং-মোশন গ্রাফিকস, ক্লাউড কম্পিউটিং এবং থ্রি-ডি ভিজুয়ালাইজেশনের মতো কোর্স রাখা হয়েছে।
ডিপ্লোমাধারী প্রার্থীদের সব কোর্স ঢাকায় অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউর অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে রাউন্ড ৭৫-এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।