নভেম্বরে-ডিসেম্বরে নয় জানুয়ারিতে স্থানীয় ভোট!
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা ইসির
নভেম্বর-ডিসেম্বরে নয়, আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন। শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, পাবলিক পরীক্ষা, রমজান, ঈদ ও পূজাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েই এই সময় নির্ধারণের কথা ভাবছে কমিশন।
বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা বাদ দিয়ে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করছে কমিশন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। পরীক্ষা শেষে জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে বলে আশা করছে ইসি।
সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে একটি সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমও পিছিয়ে গেছে।
এ কারণে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি।
তার ভাষ্য, দেশের বাস্তব পরিস্থিতি, বিদ্যমান আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে কমিশন।
তবে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও এখনো চূড়ান্ত ভোটের তারিখ নির্ধারণ হয়নি। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক তফসিলের মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত হবে।