শি জিনপিংয়ের সম্মানে ট্রাম্পের জমকালো ডিনার

২৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৫ পূর্বাহ্ণ
 0
শি জিনপিংয়ের সম্মানে ট্রাম্পের জমকালো ডিনার

ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং, ইলন মাস্কসহ প্রযুক্তি দুনিয়ার তারকারা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে স্টেট ডিনারের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের এই আয়োজনে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও তাদের স্বামী-স্ত্রীর পাশাপাশি প্রযুক্তি ও ব্যবসা জগতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি ছিল বিশেষভাবে আলোচনায়।

স্টেট ডিনারে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও মাইকেল ডেলসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা।

এর আগে মে মাসে ট্রাম্পের চীন সফরেও প্রযুক্তি ও ব্যবসা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সফরসঙ্গী ছিলেন। সে সময় তাদের মধ্যে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, অ্যাপলের সাবেক সিইও টিম কুক এবং ইলন মাস্ক। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পের সম্মানে স্টেট ডিনারের আয়োজন করেছিলেন শি জিনপিং।

তবে এবার ওয়াশিংটনের স্টেট ডিনারে কোনো চীনা কোম্পানির শীর্ষ নির্বাহীকে দেখা যায়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তাদের মধ্যে অতিথি তালিকা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত চীনা সিইওদের আমন্ত্রণ জানানো হয়নি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কোম্পানির শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রীয় সফরে কী ভূমিকা পালন করবেন এবং তাদের জন্য কী ধরনের প্রোটোকল থাকবে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে মার্কিন পক্ষের প্রস্তাব দিতে দেরি হওয়ায় বিষয়টি আর বাস্তবায়িত হয়নি।

স্টেট ডিনারের আগে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পর বড় কোনো চুক্তি ঘোষণার খবর পাওয়া যায়নি।