রিফাতের পাশে জায়েদ খান বাড়িয়ে দিলেন সহায়তার হাত

২৪ সেপ্টেম্বর ২০২৬ - ১১:০৬ পূর্বাহ্ণ
 0
রিফাতের পাশে জায়েদ খান বাড়িয়ে দিলেন সহায়তার হাত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন জায়েদ খান

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। অর্থের সংকটে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। কষ্টে দিন কাটছিল এই অভিনেতার। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এক খুদে বার্তায় জায়েদ খান বলেন, শিল্পীর পাশে শিল্পী থাকবে—এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রিফাত চৌধুরীর সুস্থতাও কামনা করেন জায়েদ খান।

এদিকে, রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘও। সংগঠনের পক্ষ থেকেও তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এবার তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন জায়েদ খান।

পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না তিনি। গত ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। শুরুতে হাসপাতালের ফ্লোরেই দিন কাটছিল তার। পরে একটি বেডের ব্যবস্থা হয়। এরপর অভিনেতার দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।