শনিবার থেকে হামের টিকা টিকা পাবে ৩৪ লাখ শিশু
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু
দেশজুড়ে শনিবার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন। ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে দ্বিতীয় দফার এই কর্মসূচি। এতে নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও অন্তর্ভুক্ত করা হবে। এবার ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রথম দফার ক্যাম্পেইনে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। সেখানে লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ অর্জিত হয়।
তবে পরবর্তী সময়ে দেখা যায়, প্রায় ৪৩ লাখ শিশু টিকাদানের আওতার বাইরে রয়েছে। মপ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে এর মধ্যে আরও ১৯ লাখ শিশুকে টিকা দেওয়া হয়। এরপরও প্রায় ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে।
এদিকে গত তিন মাসে আরও প্রায় ১০ লাখ শিশু ছয় মাস বয়স পূর্ণ করেছে। সব মিলিয়ে এবার ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরও ৪৩ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। আগে মজুত থাকা ১৫ লাখ ডোজসহ বর্তমানে মোট ৫৮ লাখ ডোজ টিকা রয়েছে। টিকার সম্ভাব্য অপচয় হিসাব করার পরও লক্ষ্যমাত্রার শিশুদের টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত ডোজ থাকবে বলে জানানো হয়েছে।
ক্যাম্পেইন শেষ হওয়ার পরও নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা শিশুদের জন্য মপ-আপ টিকাদান কার্যক্রম চালু থাকবে। কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
শিশু বিশেষজ্ঞরা বলছেন, শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরির জন্য হাম-রুবেলার এমআর ভ্যাকসিন গুরুত্বপূর্ণ। তাই সরকারের নিয়মিত ইপিআই কর্মসূচি অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সে নির্ধারিত দুই ডোজের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজও নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।