‘শিশুর গুলিতে বোনের ধর্ষণকারী নিহত’, ভাইরাল দাবিটি সম্পূর্ণ মিথ্যা

২২ এপ্রিল ২০২৬ - ১৮:৫৭ অপরাহ্ণ
 0
‘শিশুর গুলিতে বোনের ধর্ষণকারী নিহত’, ভাইরাল দাবিটি সম্পূর্ণ মিথ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়-চাঁদপুরের মতলব এলাকায় ১১ বছরের এক শিশু তার বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি করে বোনের ধর্ষণকারীকে হত্যা করেছে। পোস্টগুলোতে আরও বলা হয়, ঘটনাটি নাকি দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রাথমিক যাচাইয়ে দৈনিক ইত্তেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো খবর বা ফটোকার্ড পাওয়া যায়নি। কী-ওয়ার্ড সার্চ করেও দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এ ধরনের ঘটনার তথ্য মেলেনি। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভাইরাল ছবিটি ২০২৫ সালের একটি ভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত। সে সময় একটি ফেসবুক পেজে দাবি করা হয়েছিল, রাজনৈতিক কারণে এক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু একই ঘটনার ভিডিও প্রতিবেদনে চ্যানেল আই জানায়, আটক তরুণের নাম মো. বিজয় (১৮)। অভিযোগ ছিল, তিনি মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা না পেয়ে নিজের বাসা থেকে নগদ টাকা চুরি করেন। পরে তার মা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফ্যাক্টচেক বিশ্লেষণে দেখা যায়, ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি আসলে ওই ১৮ বছর বয়সী তরুণের। তবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তার মুখাবয়ব পরিবর্তন করে তাকে কম বয়সী (১১ বছর) হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানার-এর একটি প্রতিবেদনে একই ধরনের বিভ্রান্তিকর দাবিকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

‘চাঁদপুরে ১১ বছরের শিশু গুলি করে বোনের ধর্ষণকারীকে হত্যা করেছে’-এমন কোনো ঘটনা ঘটেনি। পুরোনো একটি ঘটনার ছবি বিকৃত করে নতুন, আবেগপ্রবণ ও বিভ্রান্তিকর গল্প তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। তাই এ ধরনের তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা জরুরি।