সেনাসদস্য রিফায়াতের মৃত্যু বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
সেনাসদস্য তাসনিম রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
দূর-দূরান্ত থেকে স্বজনরা বাড়িতে ছুটে আসছেন। একে অপরকে জড়িয়ে ধরে প্রিয়জনকে হারানোর শোক প্রকাশ করছেন তারা। হঠাৎ করে রিফায়াতের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
তাসনিম রিফায়াত আসাদুল হকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। প্রায় ১০ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন রিফায়াত। তার আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনরা জানান, কারিগরি শিক্ষা থেকে এসএসসি পাসের পর রাজশাহী সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন রিফায়াত। সেখানে পড়াশোনার সময় সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
নিহতের ভাই দিপ্ত জানান, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে রিফায়াতের মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হবে। এরপর স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এরই মধ্যে কবর খননসহ দাফনের অন্যান্য প্রস্তুতি চলছে।
ভাইয়ের এমন মৃত্যুতে শোকাহত দিপ্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সবার কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।
ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ বাবা আসাদুল ইসলামও। তিনি বলেন, তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রিফায়াত ছিলেন মেজ ছেলে। ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই রিফায়াতের মরদেহ রাজশাহীতে পৌঁছাতে পারে। এরপর পারিবারিক ও স্থানীয় প্রস্তুতি শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।