নতুন রূপে মধুমিতা ‘এক জায়গায় আটকে থাকতে চাই না’
‘একই জায়গায় আটকে থাকতে চাই না’—মধুমিতা
ক্যারিয়ারে দীর্ঘদিন এক ধরনের চরিত্রে কাজ করার পর এবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান অভিনেত্রী মধুমিতা সরকার। গতানুগতিক কাজের বাইরে গিয়ে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়েই এখন বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
‘অটবি’ সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে মধুমিতাকে। চরিত্রটিতে রয়েছে জটিল মনস্তাত্ত্বিক দিক, যা শুরু থেকেই তাকে আকৃষ্ট করেছে বলে জানান এই অভিনেত্রী।
মধুমিতা বলেন, এতদিন দর্শক তাকে যেভাবে দেখে এসেছেন, ‘অটবি’তে তার সঙ্গে সেই পরিচিত রূপের কোনো মিল থাকবে না। একজন পরিচালক তাকে এমন একটি জটিল চরিত্রে কল্পনা করেছেন—এটিকেই নিজের জন্য বড় পাওয়া মনে করছেন তিনি। তার ভাষায়, একজন শিল্পী হিসেবে একই জায়গায় আটকে থাকতে চান না।
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও এসেছে পরিবর্তন। একসময় কাজের পেছনে দীর্ঘ সময় দিলেও এখন পরিবার ও ব্যক্তিগত জীবনের জন্যও সময় রাখতে চান মধুমিতা। বিশেষ করে বাবা-মাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখেন তিনি।
মধুমিতার মতে, শুধু পেশাগত সাফল্যই জীবনের সবকিছু নয়। প্রিয় মানুষ ও পরিবারের সঙ্গে সময় কাটানোও সমান গুরুত্বপূর্ণ।
‘অটবি’তে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। চরিত্রটির অস্বাভাবিক রূপ ফুটিয়ে তুলতে চোখের দৃষ্টি, শরীরের ভাষা ও মানসিক অভিব্যক্তিতে পরিবর্তন আনতে হয়েছে। শারীরিক ও মানসিক অভিনয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রায় ১৭ থেকে ১৮ বছরের অভিনয়জীবনে দর্শকের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন মনে করেন মধুমিতা। তবে প্রশংসার পাশাপাশি গঠনমূলক সমালোচনাকেও ইতিবাচকভাবে নিতে চান তিনি।
মধুমিতা বলেন, তিনি যখন কিছুটা আড়ালে থাকেন, তখন দর্শক যখন প্রশ্ন করেন—‘মধুমিতা কোথায়?’—সেই ভালোবাসাই তার কাছে বড় প্রাপ্তি। একই সঙ্গে কাজের ভুল-ত্রুটিও দর্শক ধরিয়ে দেবেন, এমন প্রত্যাশাও রয়েছে তার।