আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস ব্রিটিশবিরোধী সংগ্রামে অমর এক নাম

২৪ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:১৬ পূর্বাহ্ণ
 0
আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস ব্রিটিশবিরোধী সংগ্রামে অমর এক নাম

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস আজ

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা। অভিযান শেষে ফেরার পথে ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সায়ানাইড সেবন করে আত্মাহুতি দেন এই বিপ্লবী নারী।

মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি এবং মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী।

শিক্ষাজীবনেও কৃতিত্বের পরিচয় দেন প্রীতিলতা। ১৯২৭ সালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েকটি বিষয়ে লেটার মার্কসহ ম্যাট্রিক পাস করেন তিনি। এরপর ইডেন মহিলা কলেজে পড়ার সময় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন।

১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইএ পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন প্রীতিলতা। পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবন শেষ করে নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে নারী বিপ্লবীদের সংগঠিত করা এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রীতিলতা।

মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দিলেও ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে তার সাহস ও আত্মত্যাগ আজও স্মরণীয় হয়ে আছে।