চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন ঘুমের মধ্যেই প্রাণ গেল ৯ যাত্রীর
চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই মৃত্যু ৯ যাত্রীর
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় চলন্ত একটি পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটে এ দুর্ঘটনা। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে থাকায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
জানা গেছে, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
প্রাণ বাঁচাতে আতঙ্কিত যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। অনেকে ধাক্কাধাক্কির মধ্যে কোনোভাবে বাস থেকে বের হতে পারলেও বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর চারদিকে আগুন ও ধোঁয়া দেখতে পান তিনি।
ওই যাত্রীর ভাষ্য, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগ পাননি, এমনকি জুতা পরার সময়ও হয়নি। প্রচণ্ড ধোঁয়া ও ভিড়ের মধ্যে যাত্রীরা একে অন্যকে ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করছিলেন। পরে একজন তাকে টেনে বাস থেকে বের করে আনেন।
তিনি আরও জানান, বাসের ভেতর এত বেশি ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যাত্রীদের। যারা কোনোভাবে বাস থেকে বের হতে পেরেছেন, তারাই প্রাণে বেঁচেছেন। তবে তার পেছনে থাকা অনেক যাত্রী আর বের হতে পারেননি বলে আশঙ্কা করছেন তিনি।