এইচএসসির ফল কবে? জানা গেল সম্ভাব্য সময়
অপেক্ষার অবসান হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ফলাফল প্রস্তুতের কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হলেও, দ্রুত ফল প্রস্তুতের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।