কিলোমিটারপ্রতি বাড়লো ১৭ পয়সা আবারও বাড়ছে বাসভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার সরাসরি পড়লো গণপরিবহনে। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরের বাসভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়বে ১৭ পয়সা।
মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিআরটিএ দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার নতুন করে ১৭ পয়সা বৃদ্ধির ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং দূরপাল্লার বাসের ভাড়ার হারও নতুন করে নির্ধারণ করা হবে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। আর দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।
তবে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামানো নন-এসি দূরপাল্লার বাসে ভাড়া কিছুটা বেশি হয়ে থাকে। এর সঙ্গে যুক্ত হয় সেতু ও সড়কের টোল। নতুন ভাড়া কার্যকর হলে যাত্রীদের যাতায়াত খরচ আরও বাড়বে।