ফায়ার সার্ভিসে চালু হলো ই-ফায়ার লাইসেন্স, এখন ঘরে বসেই মিলবে সব সেবা
জনসেবাকে আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চালু করেছে ই-ফায়ার লাইসেন্স সেবা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০ এলাকায় অবস্থিত অধিদপ্তরের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াই ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং পুনর্মূল্যায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। একই সঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রমটির প্রশংসা করে মত দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, বিএফএম; উপপরিচালক (চট্টগ্রাম বিভাগ) মো. জসীম উদ্দিন, বিএফএম (এস); উপপরিচালক (রংপুর বিভাগ) মো. আনোয়ারুল হক এবং সিলেটের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া। এছাড়া ওয়্যারহাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাসসহ আরও অনেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের পরিচালক, উপপরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পারকি র্যাবিট কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগ থেকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও ওয়্যারহাউজ ইন্সপেক্টররা অনলাইনে অংশ নেন।