মাদকের জালে নারীরা! বাড়ছে ভয়ংকর সম্পৃক্ততা
মাদকের ছোবলে বিপন্ন নারীরা, বাড়ছে মাদকচক্রে সম্পৃক্ততা
অসৎ সঙ্গ, পারিবারিক অশান্তি, হতাশা কিংবা কাছের মানুষের প্ররোচনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের একটি অংশ জড়িয়ে পড়ছেন মাদকের সঙ্গে। শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী, চিকিৎসক ও বিভিন্ন পেশার নারীদের মধ্যেও মাদকাসক্তির প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, সামাজিক সংকোচ এবং চিকিৎসার সীমিত সুযোগের কারণে মাদকে জড়িয়ে পড়া অনেক নারী যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আসছেন না।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে নারী মাদক বিক্রেতা ও বাহকের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টদের দাবি, মাদক কারবারিরা নারীদের সামাজিক অবস্থান ও তল্লাশির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে তাদের মাধ্যমে মাদক পরিবহন করছে।
রাজধানীর আফতাবনগর এলাকার এক নারী জানান, আগে পোশাক কারখানায় কাজ করলেও প্রায় দুই বছর ধরে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার দাবি, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করেন তিনি। তার কাছে আসা ক্রেতাদের মধ্যে নারী-পুরুষ উভয়ই থাকলেও তরুণ-তরুণীর সংখ্যাও রয়েছে বলে জানান তিনি। অধিক মুনাফার আশায় এই ব্যবসায় জড়িয়েছেন বলেও জানান ওই নারী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে পাঁচ লাখের বেশি নারী কোনো না কোনোভাবে মাদকচক্রের সঙ্গে জড়িত। গোয়েন্দা প্রতিবেদনে তাদের একটি অংশ মাদক বিক্রি, পরিবহন কিংবা সেবনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার তথ্য উঠে এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বড় চালানকে ছোট ছোট অংশে ভাগ করে নারীদের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা করে মাদক কারবারিরা। নারীকে তল্লাশির ক্ষেত্রে নারী পুলিশ সদস্যের প্রয়োজন হওয়ায় সেই সুযোগও কাজে লাগানোর চেষ্টা করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, নারীদের সামাজিক অবস্থানকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি তাদের মাদক পরিবহন ও পাচারে ব্যবহার করছে। এমনকি অনেক ক্ষেত্রে শিশুদেরও ব্যবহার করা হচ্ছে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব কর্মকাণ্ডের ওপর নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশেষজ্ঞরা বলছেন, নারীদের মাদকচক্রে জড়িয়ে পড়া ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।