সৌদির এফ-১৫ ভূপাতিত! দাবি হুতিদের
সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, মক্কামুখী ড্রোন ধ্বংসের দাবি সৌদির
ইয়েমেনের মারিবের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। তাদের দাবি, নিজেদের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানটি ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিমানটি ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষের সন্ধানে আসা আরও দুটি সৌদি এফ-১৫-এর সঙ্গেও তাদের সংঘর্ষ হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে সৌদি আরব দাবি করেছে, পবিত্র নগরী মক্কার দিকে অগ্রসর হওয়া একটি হুতি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির দাবি, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুতিরা। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।
এদিকে মক্কা ও মদিনা অঞ্চলে হামলার অভিযোগে হুতিদের নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা—ওআইসি। সংস্থাটি পবিত্র স্থান ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।
সৌদি জোটের আরও দাবি, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তাইফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও যানবাহন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। ফলে দীর্ঘদিনের ইয়েমেন সংঘাত আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।