বাংলাদেশেই ব্রিটিশ আইন ডিগ্রি শুরু নতুন সুযোগ
বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষায় নতুন অধ্যায়
বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশে বসেই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড বা ইউডব্লিউই ব্রিস্টলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে।
এই পার্টনারশিপের আওতায় বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএল.বি. (অনার্স) কার্যক্রম পরিচালিত হবে। ফলে যুক্তরাজ্যে না গিয়েই বাংলাদেশে অবস্থান করে শিক্ষার্থীরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিচার বিভাগের সদস্য, ব্যারিস্টার, অ্যাডভোকেট, আইনজীবী ও শিক্ষাবিদসহ আইন ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এলসিএলএস নর্থের সঙ্গে ইউডব্লিউই ব্রিস্টলের পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল শিলান শাহ-ডেভিস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার আসিফ রহমাতুল্লাহ।
এলসিএলএস নর্থ জানিয়েছে, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানের আইন শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে বসেই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আইন ডিগ্রি অর্জনের এই সুযোগ শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষা ও আইন শিক্ষার সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।