রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর
আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণ সমাজকে দেশ পরিবর্তনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তরুণরা চাইলে দেশকে বদলে দিতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ তাদের শক্তি ও সক্ষমতা পুরো বিশ্বকে দেখিয়েছে। এবার সেই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও দেশকে পুনর্গঠনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু পরিস্থিতির অন্তত ৮০ শতাংশ উন্নতি করার চেষ্টা করা হবে। এজন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বাড়ি, স্কুল, কলেজ কিংবা কর্মস্থল—প্রতিটি জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে মাত্র এক ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে সময় দিলেও বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সচেতন করার পাশাপাশি যারা আবর্জনা তৈরি করছে, তাদেরও নিরুৎসাহিত করতে হবে।
তিনি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিজের পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কথা একটাই—কাজ, কাজ আর কাজ। আর পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।’
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।