দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজ মার্চেই উদ্বোধনের ঘোষণা

১১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৯ পূর্বাহ্ণ
 0
দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজ মার্চেই উদ্বোধনের ঘোষণা

দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প

দেশীয় অর্থায়নেই পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানিয়েছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর চর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪ জেলার মানুষ সরাসরি এর সুফল পাবেন। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

পানি সম্পদ মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিও নতুন করে শুরু করা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।