জুলাই সনদের সবই বাস্তবায়ন প্রয়োজনে বদলাবে সংবিধান
জুলাই সনদের সব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে: চিফ হুইপ
জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর হয়েছে, তার সবকিছুই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সেটিও করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। স্বাক্ষরিত প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে এবং এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সেই পথেই এগোনো হবে।
চিফ হুইপ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার বিরোধী দলের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তৃতীয় অধিবেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, নয় কর্মদিবসের এই অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও ছয়টি বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য ১৪৪টি প্রশ্নের মধ্যে প্রধানমন্ত্রী নিজে ১৫টির উত্তর দিয়েছেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, লংমার্চ বা আন্দোলন করে তাৎক্ষণিকভাবে এ সমস্যার সমাধান সম্ভব নয়। একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতেই দুই থেকে তিন বছর সময় লাগে। তাই সরকারকে সময় দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আগের সরকারের বিদ্যুৎ খাতের চুক্তি ও ক্যাপাসিটি চার্জের কারণে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয় বর্তমান সরকার পর্যালোচনা করছে।
এদিকে কৃষকদের জন্য কৃষিঋণ ও কৃষক কার্ডের উদ্যোগের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, দেশে বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন অতিরিক্ত সার মজুদ রয়েছে। কৃষকের কাছে সার পৌঁছে দিতে সরকার কাজ করছে।
বিদেশি দেশগুলোর সঙ্গে করা ১০১টি সমঝোতা স্মারকও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দলের মধ্যে মতপার্থক্য বাড়েনি, বরং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সরকার সংখ্যাগরিষ্ঠ হলেও এককভাবে আইন পাস না করে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সরকার বিরোধী দলসহ সবার সহযোগিতা চায় বলেও জানান চিফ হুইপ।