ভ্রাতৃত্বের বন্ধন ধ্বংসে চক্রান্ত! কঠোর বার্তা রিজভীর

৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:২৪ পূর্বাহ্ণ
 0
ভ্রাতৃত্বের বন্ধন ধ্বংসে চক্রান্ত! কঠোর বার্তা রিজভীর

ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসে চক্রান্তকারীরা সক্রিয়: রিজভী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংস করতে চক্রান্তকারীরা নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন রয়েছে, তা অটুট থাকবে। যুগ যুগ ধরে এই বন্ধন টিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা একে অপরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ করি। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই সংস্কৃতি বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের।

ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য বিভিন্ন ট্রাস্ট গঠন করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য জায়গা নিশ্চিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নীতির প্রতিষ্ঠা করে গেছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলা করতে হবে। বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য কোনো চক্রান্তেই ধ্বংস করা সম্ভব নয়।