পরিচালনায় এসেই আইনি ঝামেলায় সায়নী! ‘আসমানি’ নিয়ে কপিরাইট বিতর্ক, পালটা মামলা

৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৩০ পূর্বাহ্ণ
 0
পরিচালনায় এসেই আইনি ঝামেলায় সায়নী! ‘আসমানি’ নিয়ে কপিরাইট বিতর্ক, পালটা মামলা

অভিনেত্রী সায়নী গুপ্তার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ, পালটা মামলা

হিন্দি টেলিভিশন, সিনেমা ও সিরিজের পরিচিত মুখ সায়নী গুপ্তা। অভিনয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে ‘আসমানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। তবে পরিচালনায় অভিষেকের পরই আইনি জটিলতায় জড়িয়েছেন এই অভিনেত্রী।

সায়নী গুপ্তার পরিচালিত ‘আসমানি’ ছবির বিরুদ্ধে তথ্যচিত্র ‘প্রভা’র স্বত্ব লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। অভিযোগ অস্বীকার করে পালটা বিনীতার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সায়নী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জরুরি শুনানি ও অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন করেছেন সায়নী। তার আবেদনটি ৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার কথা ছিল।

এফটিআইআইয়ের সাবেক শিক্ষার্থী পরিচালক বিনীতা নেগির দাবি, ‘আসমানি’ ছবিটি তার অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেওয়া হয়েছে। দুই কাজের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনেও অভিযোগ করেছিলেন বিনীতা।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সায়নী। তার দাবি, বিনীতার অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর’। সায়নীর আবেদনে বলা হয়েছে, কপিরাইট আইন কোনো সৃষ্টিশীল কাজের সাধারণ ধারণাকে নয়, বরং সেই ধারণার মৌলিক প্রকাশভঙ্গিকে সুরক্ষা দেয়।

মামলায় আরও বলা হয়েছে, কোনো সৃষ্টিশীল কাজে বয়স্ক নারী, গাড়ি, চালক কিংবা এ ধরনের সাধারণ উপাদানের উপস্থিতির ওপর কারও একচেটিয়া অধিকার থাকতে পারে না।

সায়নীর অভিযোগ, এই বিতর্কের নেতিবাচক প্রভাব পড়েছে ‘আসমানি’ ছবির উৎসবযাত্রাতেও। কপিরাইট বিতর্কের কারণে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব নিউজিল্যান্ড’ থেকে ছবিটি প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে সায়নী বলেছিলেন, ‘আসমানি’ একটি মৌলিক ছবি। এতদিন নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তার নীরবতার অর্থ অভিযোগ মেনে নেওয়া নয় বলেও জানান অভিনেত্রী।

২০১২ সালে ‘সেকেন্ড ম্যারিজ ডট কম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সায়নী গুপ্তার। পরে শাহরুখ খানের ‘ফ্যান’, ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকল ১৫’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি গানও করেন সায়নী।