ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহত! হাসনাত আবদুল্লাহকে কওমি ছাত্র ঐক্যের হুঁশিয়ারি
হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
সংগঠনটির নেতারা বলেন, হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নির্ধারিত কর্মসূচি প্রতিহত করা হবে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশনে হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।