কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্যরা

২৬ আগস্ট ২০২৬ - ১০:০৯ পূর্বাহ্ণ
 0
কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্যরা

সীমান্তে পালানোর সময় বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। স্থানীয়দের ধাওয়ার মুখে পালানোর সময় বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে যান। পরে সেগুলো উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন কৃষক সীমান্তবর্তী এলাকায় নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যান।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

পরে মঙ্গলবার সন্ধ্যার পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

আলোচনা শেষে বিজিবির উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।