দক্ষিণ সুদানে জাতিসংঘের ওপর হামলা! নিহত ২ শান্তিরক্ষী, আহত ৭
দক্ষিণ সুদানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইথিওপিয়ার তিনজন শান্তিরক্ষী রয়েছেন।
সোমবার জংলেই রাজ্যের পাজুত এলাকার দিকে নিয়মিত টহল দেওয়ার সময় হামলার শিকার হয় জাতিসংঘের শান্তিরক্ষী দল।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, প্রতিদিনের দায়িত্ব পালনের সময় অজ্ঞাত বন্দুকধারীরা পরিকল্পিতভাবে শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়।
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট নয়জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
দক্ষিণ সুদানে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হামলার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।