সংসদীয় স্থায়ী কমিটি গঠনে ধীরগতি, দুই অধিবেশনেও পূরণ হয়নি বাধ্যবাধকতা

১৮ জুলাই ২০২৬ - ০৭:৩৯ পূর্বাহ্ণ
 0
সংসদীয় স্থায়ী কমিটি গঠনে ধীরগতি, দুই অধিবেশনেও পূরণ হয়নি বাধ্যবাধকতা

কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদের তিন অধিবেশনের মধ্যে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও দুই অধিবেশনের পর গঠিত হয়েছে মাত্র ১৫টি কমিটি। বিশ্লেষকরা বলছেন, এতে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে স্থবিরতার শঙ্কা থাকছে। তবে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশনের শুরুতেই গঠন করা হবে বাকি কমিটি। 

সাধারণ নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব নিলে গেল ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আর গেল ১৫ জুলাই বাজেট অধিবেশনের পর্দা নামার মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সংসদ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশ। তবে, দুটি অধিবেশনে আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটা হলো? এ প্রসঙ্গে সংসদের চিফ হুইপ বলছেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ত্রুটি রাখেনি সরকারি দল।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, গণতান্ত্রিক পরিবেশটা তৈরিতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। প্রত্যাশা তো এখানে কোনো শেষ নাই। তো জনগণ বিশ্বাস করে যে আমরা তাদের কথা বলি, যে কারণে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রাম না চালিয়ে যখন পার্লামেন্ট চলে, মানুষ পার্লামেন্ট দেখে।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী মন্ত্রণালয় ও সংসদ সম্পর্কিত মোট ৫০টি কমিটি গঠন করতে হবে। তিন অধিবেশনের মধ্যে এসব গঠনের বাধ্যবাধকতা থাকলেও দুই অধিবেশনে গঠিত হয়েছে মাত্র ১৫টি। মন্ত্রণালয় সম্পর্কিত ৯টি ও সংসদ সম্পর্কিত ৬টি। এর বাইরে বিশেষ কমিটি হয়েছে তিনটি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিনের বলেন, এমন বিলম্বে ঘাটতি তৈরি হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে। আমরা যদি দেখি যে তৃতীয় অধিবেশনে গিয়ে কমিটিগুলো গঠন করা হবে, তাহলে আমাদের ছয় মাস চলে যাবে এই কমিটি গঠনে। এতে করে যেটা হবে, মন্ত্রণালয়ের কার্যক্রম তদারক করার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা তৈরি হবে। এটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয়ত সমস্যা যেটা হলো যে, এই সময়ে যে বিলগুলো উত্থাপিত হবে, সেই বিলগুলো পর্যালোচনা করার জন্য বিশেষ কমিটি বা সিলেক্ট কমিটির ওপর নির্ভর থাকতে হয়।

এ প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ইমিডিয়েটলি আমরা কমিটি করতে পারি না। ইতোমধ্যে ৯টা কমিটি আমরা করেছি। সেগুলো কম্পালশন, মানে একেবারে ম্যান্ডেটরি কিছু কমিটি আমাদের করতে হয়েছে, সেগুলো আমরা করেছি। কিছু কমিটি আছে যেগুলো স্পিকার নিজে করবেন। সেই কমিটি আছে। বিভিন্ন দল থেকে বলি যে আপনারা নাম দেন; উনারা নাম দিলেই আমাদের কমিটি করা সম্ভব হয়।

তৃতীয় অধিবেশনের শুরুতে বাকি কমিটি গঠনের কাজ শেষ হবে বলেও জানান চিফ হুইপ ।