আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮

১৪ মে ২০২৬ - ০৭:১০ পূর্বাহ্ণ
 0
আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি। মোট ১৪২টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। অন্যদিকে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ১৩ মে (সৌদি সময় রাত ১১:৫৯) পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।