জার্মানির কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করল ব্রাজিল

২০ জুন ২০২৬ - ০৮:১২ পূর্বাহ্ণ
 0
জার্মানির কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করল ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় শীর্ষস্থান নিয়ে ব্রাজিল ও জার্মানির লড়াইটা জমে উঠেছে। টুর্নামেন্টের শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল, কিন্তু কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সাময়িকভাবে তাদের ছাড়িয়ে যায় জার্মানি। তবে বেশিক্ষণ সেই অবস্থান ধরে রাখতে পারেনি ইউরোপের দলটি। হাইতির বিপক্ষে দাপুটে জয়ে আবারও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের মোট গোলসংখ্যা ছিল ২৩৭, আর জার্মানির ২৩২। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলের গোলসংখ্যা দাঁড়ায় ২৩৮-এ। অন্যদিকে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেয়ে জার্মানি তাদের মোট গোলসংখ্যা বাড়িয়ে ২৩৯-এ নিয়ে যায় এবং শীর্ষস্থান দখল করে।

তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই পাল্টে যায় চিত্র। পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। হাইতির জালে তিনবার বল পাঠিয়ে তারা নিজেদের সর্বকালের গোলসংখ্যা ২৪১-এ উন্নীত করে। এর ফলে জার্মানির ২৩৯ গোলকে পেছনে ফেলে আবারও তালিকার শীর্ষে উঠে আসে সেলেসাওরা।

এই জয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে ‘সি’ গ্রুপের অবস্থানে। গোল ব্যবধানে মরক্কোকে ছাড়িয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগামী ২৪ জুন মায়ামিতে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় ধরে রেখে নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য থাকবে ব্রাজিলের।

অন্যদিকে রাতেই জার্মানির সামনে রয়েছে আইভরি কোস্টের চ্যালেঞ্জ। সেই ম্যাচে গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাবে তারা। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় ব্রাজিল-জার্মানি দ্বৈরথ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে ২০০ বা তার বেশি গোল করতে পেরেছে শুধু ব্রাজিল ও জার্মানি। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২। এরপর রয়েছে ফ্রান্স (১৩৬) ও ইতালি (১২৮)। তবে শীর্ষস্থানের লড়াইয়ে এখনো স্পষ্টভাবেই এগিয়ে আছে ব্রাজিল ও জার্মানি, আর আপাতত সেই দৌড়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল।