ইরানের কাছে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতেই পারে: ট্রাম্প

১৮ জুন ২০২৬ - ১২:৩৭ অপরাহ্ণ
 0
ইরানের কাছে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতেই পারে: ট্রাম্প

ইরানকে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অনুমতি দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর হওয়ার ঠিক আগে এ কথা বলেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘অন্য দেশগুলোর কাছে যদি এগুলো থাকে, তাহলে তাদের (ইরানের) কিছু ক্ষেপণাস্ত্র না থাকা একটু অন্যায় হবে। যদি সৌদি আরব, কাতার এবং অন্যদের কাছে এগুলো থাকে, তাহলে আমি বলব, আপেক্ষিক অনুপাতে ইরানের কাছেও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা গ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘ক্ষেপণাস্ত্র মূল সমস্যা নয়... এগুলো কোনও নির্দিষ্ট স্থানে কিছু ক্ষতি করতে পারে, কিন্তু (পারমাণবিক অস্ত্রের মতো) পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে না।’

যদিও ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ধ্বংস করতে চেয়েছে। তবে ইরান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

ট্রাম্পের নতুন বক্তব্য থেকে প্রতীয়মান হচ্ছে যে, অন্য অনেক বিষয়ের মতো ক্ষেপণাস্ত্র ইস্যুতেও ইরানের দাবি মেনে নিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, আগামী ৬০ দিনের মধ্যে ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পরবর্তী আলোচনাগুলোতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কথা হবে।

ট্রাম্পের এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। পরে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজ শেষে ট্রাম্পও এ তথ্য নিশ্চিত করেন।

বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ গত রোববার (১৪ জুন) ডিজিটাল পদ্ধতিতে স্মারকটিতে স্বাক্ষর করেন। এরপরই ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চূড়ান্তভাবে এতে স্বাক্ষর করেন।