‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’

১৭ জুন ২০২৬ - ০৬:৪৯ পূর্বাহ্ণ
 0
‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্স কেবল মাঠের নৈপুণ্য নয়, যেন ফুটবলের সীমানা ছাড়িয়ে এক অনন্য শিল্পে পরিণত হয়েছে। নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করে আর্জেন্টাইন মহাতারকা যখন রেকর্ডবুক তছনছ করছেন, তখন তার সাবেক বার্সেলোনা সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন— ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে।’

বুধবার (১৭ জুন) কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ম্যাচে তিনটি গোলই করেছেন ৩৮ বছর বয়সী মেসি। এই হ্যাটট্রিক করে তিনি ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আর একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপের মঞ্চে মেসির এই অবিশ্বাস্য দাপট দেখে মুগ্ধ সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ ফক্স স্পোর্টসের বিশ্লেষণে বলেন, ‘যদি সে বিশ্বকাপ আবারও জিতে যায়, তবে তা কেবল তার ক্যাবিনেটে আরও একটি ট্রফি হিসেবে যোগ হবে। আর যদি না-ও জেতে, তাতেও তার শ্রেষ্ঠত্বের কোনো পরিবর্তন হবে না। কারণ মেসি এখন আর সাধারণ কোনো ফুটবলার নন, তিনি ফুটবলের ঊর্ধ্বে উঠে গেছেন।’

আলজেরিয়ার বিপক্ষে আজ মেসি যেন নিজের সেরা ফর্মে ছিলেন। ম্যাচের পঞ্চম মিনিটে তার করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও  ১৭তম মিনিটে বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার দারুণ প্রদর্শনী দেখিয়ে আরও দুটি গোল করে পূর্ণ করেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। 

২০২২ বিশ্বকাপের জয়ের সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও মেসির ক্ষুধা যেন বিন্দুমাত্র কমেনি। বিশ্বকাপের মঞ্চে নিজেকে বারবার ছাড়িয়ে যাওয়ার এই প্রবণতা পুরো ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। আলজেরিয়ার বিপক্ষে তার প্রতিটি মুভমেন্ট আর গোল ছিল যেন নিখুঁত জ্যামিতির খেলা।

সাবেক সতীর্থ ইব্রাহিমোভিচের এই অকপট স্বীকারোক্তিই প্রমাণ করে যে, মাঠের রেকর্ডের চেয়েও মেসির প্রভাব এখন অনেক বেশি বিস্তৃত। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—ফুটবল ঈশ্বর খ্যাত মেসি কি এই আসরে এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হয়ে নিজের শ্রেষ্ঠত্বকে আরও একধাপ উঁচুতে নিয়ে যাবেন? সময় হয়তো সেই উত্তরই লিখে রেখেছে।