বিশ্বকাপ শুরুর আগেই জার্মানি শিবিরে বড় ধাক্কা
বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের দুঃসংবাদ পেল জার্মানি। অনুশীলনে মারাত্মক চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলের উদীয়মান মিডফিল্ডার এবং বায়ার্ন মিউনিখের বিস্ময় বালক লেনার্ট কার্ল। এই প্রতিভাবান ফুটবলার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফর্ম করা কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম 'তরুণ তারকা' হিসেবে গণ্য করা হচ্ছিল। এমনকি চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েছিলেন তিনি। এমন একজনের অনুপস্থিতি জার্মান মিডফিল্ডের জন্য বড় শূন্যতা তৈরি করবে।
আজ শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জার্মান কোচ জুলিয়ান নাগালসম্যান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে লেনি অনুশীলনে চোট পেয়েছে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার ফল পাওয়ার পর পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব কি না, নাকি বিকল্প খেলোয়াড় নেওয়া হবে।’
তবে কোচের অপেক্ষার কথা থাকলেও কার্ল নিজেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘সবচেয়ে বড় টুর্নামেন্ট মিস করার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে সবকিছুই করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত সময়ে ইনজুরি এসেছে। আমি দলের সাফল্য কামনা করছি এবং আরো শক্তিশালী হয়ে ফিরব।’
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকে। আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এখন কার্লের পরিবর্তে কোচ জুলিয়ান নাগালসম্যান কাকে দলে ডাকেন, সেটাই দেখার বিষয়।