একই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, দলের ২৭১ রানে জয়
রুয়ান্ডার হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেওয়া ব্যাটার হামজা খান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে আইভরি কোস্টের বিপক্ষে রোববার (২৪ মে) তিনি খেললেন পুরুষ টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।
টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখনও অ্যারন ফিঞ্চের দখলে। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন। হামজা খানের ১৬৪ রানের ইনিংসটি ছাড়িয়ে গেছে হজরতউল্লাহ জাজাইয়ের ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করা অপরাজিত ১৬২ রানকে।
পুরুষ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসসমূহ:
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৭২ বনাম জিম্বাবুয়ে (২০১৮)
হামজা খান (রুয়ান্ডা) – ১৬৪* বনাম আইভরি কোস্ট (২০২৬)
হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান) – ১৬২* বনাম আয়ারল্যান্ড (২০১৯)
মোহাম্মদ ইহসান (স্পেন) – ১৬০ বনাম ক্রোয়েশিয়া (২০২৫)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৫৬ বনাম ইংল্যান্ড (২০১৩)
হামজার বিধ্বংসী ব্যাটিংয়ে রুয়ান্ডা নির্ধারিত ২০ ওভারে তোলে ২ উইকেটে ২৮৮ রান, যা পুরুষ টি-টোয়েন্টি ইতিহাসের সপ্তম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার পর্যন্ত পুরো ইনিংস জুড়ে ছিল তার আধিপত্য। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও অপরাজিত ৬০ রান করেছিলেন হামজা খান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আইভরি কোস্ট গুটিয়ে যায় মাত্র ১৭ রানে, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের যৌথভাবে পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ফলে রুয়ান্ডা ম্যাচটি জিতে নেয় ২৭১ রানের বিশাল ব্যবধানে, যা পুরুষ টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জয়।