ঈদের ছুটিতেও খোলা থাকবে পশুর হাটসংলগ্ন ব্যাংক

২৪ মে ২০২৬ - ১৮:০০ অপরাহ্ণ
 0
ঈদের ছুটিতেও খোলা থাকবে পশুর হাটসংলগ্ন ব্যাংক

ঢাকা ও দেশের কয়েকটি সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির পশুর হাটে নগদ লেনদেন নিরাপদ ও সহজ করতে বিশেষ ব্যাংকিং সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সরকারি ছুটির মধ্যেও পশুর হাটসংলগ্ন নির্ধারিত ব্যাংক শাখা ও অস্থায়ী বুথ খোলা থাকবে আগামী বুধবার, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, আজ রোববার থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব শাখায় বিশেষ লেনদেন সেবা চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কুরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ লেনদেন হয়ে থাকে। হাটে ক্রেতা ও বিক্রেতার নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথ চালু রাখতে বলা হয়েছে।

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ১১টি পশুর হাটে বিশেষ ব্যাংকিং সুবিধা মিলবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা পশুর হাট, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোও এই বিশেষ সেবার আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পশুর হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতারা যাতে সহজে টাকা জমা, উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঈদের আগে আজ রোববার স্বাভাবিক ব্যাংক লেনদেন শেষ হয়েছে। আগামীকাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট কিছু ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন করা যাবে এবং শাখা খোলা থাকবে রাত ৩টা পর্যন্ত।