২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন
কুরবানির ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।
জানা যায়, একজন ভোক্তা ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল; ৮০ টাকা দরে ১ কেজি চিনি ও ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
প্রসঙ্গত, ইদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।