অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রটোকলের চেয়ে মানুষের জীবন যে বড়, তার আরও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে নিজের গাড়িবহর থামিয়ে দিয়ে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
ঘটনাটি নজরে আসামাত্র প্রধানমন্ত্রী তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে সামনে যাওয়ার পথ করে দিতে। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে নিরাপত্তার সব প্রটোকল শিথিল করে অ্যাম্বুলেন্সটিকে আগে যাওয়ার সুযোগ দেয়া হয়।
সেই সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকা বেসরকারি বীমা কর্মকর্তা সালেহ উদ্দিন ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি বলেন, 'সাধারণত ভিভিআইপি মুভমেন্টের সময় সব রাস্তা বন্ধ থাকে এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজটে ভুগতে হয়। কিন্তু আজ হঠাৎ দেখলাম প্রধানমন্ত্রীর গাড়িবহর থেমে গেল এবং কর্মকর্তারা একটি অ্যাম্বুলেন্সকে এগিয়ে দিচ্ছেন। সরকারপ্রধানের এমন মানবিক আচরণ ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা সত্যিই শিক্ষণীয়।'
সংশ্লিষ্টরা বলছেন, আগে রাষ্ট্রপ্রধানদের চলাচলের সময় দীর্ঘ সময় ধরে সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখার রেওয়াজ ছিল। তবে বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে যানজটমুক্ত চলাচলের ওপর গুরুত্ব দিয়েছেন। আজকের এই ঘটনাকে একটি ‘বিরল এবং মানবিক দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন সচেতন মহল।
অতিরিক্ত প্রেস সচিবের মতে, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রধানমন্ত্রী এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রশাসনের ওপর মহলে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।