প্রেমিকের ভাড়া বাসা থেকে সানজিদা কবিরের মরদেহ উদ্ধার

২৩ এপ্রিল ২০২৬ - ১৪:৪৯ অপরাহ্ণ
 0
প্রেমিকের ভাড়া বাসা থেকে সানজিদা কবিরের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর মুন্সী গ্যারেজ এলাকায় প্রেমিকের বাসা থেকে সানজিদা কবির আনিকা (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই এলাকার রাফি মঞ্জিল নামে একটি বাসার ৬ষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সানজিদা কবির পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ও মুন্সি গ্যারেজ এলাকার ভাড়াটিয়া মহসিন কবিরের মেয়ে। পলাতক প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) একই এলাকার রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার ভাড়াটিয়া। তার বাবা ঝালাকাঠির কাঠপট্টি এলাকার মিল্টন আকন। 

পুলিশ, নিহতের স্বজন ও হিমুর মায়ের দেয়া তথ্য মতে, হিমু ও তার মা ওই বাসায় ভাড়া থাকতো। সকালে সানজিদা প্রেমিকের বাসায় আসে। এ সময় হিমু বাসায় থাকলেও তার মা ছিলেন না। পরে হিমুর মা বাসায় এসে দেখেন সানজিদা বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু তখন হিমু পালিয়ে গেছে। পরে প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেয়।

জানা গেছে, এর আগে হিমু বিবাহিত ছিল। কিন্তু সেখানে পারিবারিক কলহের জেরে আগের স্ত্রী বিষপানে আত্মহত্যা করে। পরে সানজিদার সঙ্গে প্রেমে জড়ায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মূল কারণ জানা যাবে।