ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ
বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে বর্তমান সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।
জ্বালানি সংকট মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের সংসদীয় কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে ৫ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য দেন। পরে সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাস হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।