এবার বরখাস্ত হলেন মার্কিন নৌমন্ত্রী, পেন্টাগনে বড় ধরনের রদবদল

২৩ এপ্রিল ২০২৬ - ০৬:২৮ পূর্বাহ্ণ
 0
এবার বরখাস্ত হলেন মার্কিন নৌমন্ত্রী, পেন্টাগনে বড় ধরনের রদবদল

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্বিন্যাসের অংশ হিসেবে বরখাস্ত করা হয়েছে নৌমন্ত্রী (নৌবাহিনীর সেক্রেটারি) জন ফেলানকে। রয়টার্সের বরাতে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ফেলান ‘তাৎক্ষণিকভাবে প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন’। তবে তার অপসারণের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পেন্টাগনের প্রধান মুখপাত্র সিন পারনেলl বলেন, ‘যুদ্ধ সচিব ও উপ-যুদ্ধ সচিবের পক্ষ থেকে আমরা ফেলানের সেবার জন্য কৃতজ্ঞ। আমরা তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’ উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় পেন্টাগনে এই নতুন পরিবর্তন এল।

ফেলানের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত নৌসচিবের দায়িত্ব পালন করবেন নৌবাহিনীর উপসচিব হাঙ্ক কাউ, জানিয়েছে পেন্টাগন। বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামোয় এই ধরনের দ্রুত পরিবর্তন পরিস্থিতির গুরুত্বই নির্দেশ করছে।