পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না: আইজিপি
বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দেন তিনি।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি তোমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের জন্য আয়-বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন আইজিপি।

এদিন অনুষ্ঠানে আইজিপির অনুরোধে ‘কেমন পুলিশ চাই’ এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেয়া হয়। এ সময় শহিদ পুলিশ স্মৃতি কলেজের সৌমিক সরকার দুর্জয়, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মাহিন আল হোসেন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মাহজাবিন জেরিন পুষ্পিতা নিজেদের মতামত ব্যক্ত করে পুলিশকে বন্ধুসুলভ ও জনবান্ধব পুলিশ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের আচরণের ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দিক বিবেচনার বিষয়টিও তাদের মতামতে উঠে আসে।
আইজিপি ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ড. এম আকবর আলী, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ড. এম আকবর আলীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেয়ার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ইয়াসমিন গফুর। সমিতির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. আব্দুর রহমান খান ও সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. মোখলেছুর রহমান ছাড়াও সমিতির সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএসআর থেকে প্রাপ্ত অর্থে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪শ’ শিক্ষার্থীর মধ্যে এদিন আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহিদ পুলিশ স্মৃতি কলেজ এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বাকি ৩শ’ জনকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।