ঈদযাত্রা: আজ মিলছে ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

৬ মার্চ ২০২৬ - ০৭:৪৭ পূর্বাহ্ণ
 0
ঈদযাত্রা: আজ মিলছে ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শুক্রবার (৬ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৬ মার্চের ট্রেনের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪ ও ১৫ মার্চের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪ ও ৫ মার্চ। এছাড়া ৬, ৭, ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। এ ছাড়া ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

টিকিট কেনার পদ্ধতি
যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ এবং বাংলাদেশ রেলওয়ে–এর ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট থেকে টিকিট কিনতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে Find Ticket বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখাবে। নির্দিষ্ট ট্রেনের View Seats অপশনে গিয়ে খালি আসন থাকলে পছন্দের সিট নির্বাচন করে Continue Purchase-এ ক্লিক করতে হবে।