‘আপার পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে।’
সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সঙ্গে থাকে না, এটি একটি ভাইরাস। এক ফ্যাসিবাদকে তাড়ালেই হবে না। দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ চায় না।
তিনি বলেন, ২০২৪ সালের মতো আবারও রাস্তায় নামার প্রয়োজন হতে পারে। জাতির কল্যাণে একবার নয়, শতবার রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। যারা চাঁদাবাজি ও দখলদারিতে জড়িয়ে মানুষ হত্যা করছে, তাদের সমাজ থেকে দূর করতে হবে।
নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার দাবি করে তিনি বলেন, প্রশাসন কোনো দলের দলীয় বাহিনী নয়; প্রশাসন দেশের সম্পদ এবং তাদের সবার হয়ে কাজ করতে হবে।