১/১১-তে জেআইসি সেলে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল

৮ আগস্ট ২০২৬ - ০৯:২২ পূর্বাহ্ণ
 0
১/১১-তে জেআইসি সেলে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল

এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরের জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতিসহ প্রসিকিউশন দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ব্রিগেডিয়ার আজমীসহ অনেক বন্দিকে এই জেআইসি সেলে রাখা হয়েছিল। দিনের পর দিন তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তদন্তে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকেও এসব তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে এসব তথ্য বিচারিক প্রক্রিয়ায় উঠে আসবে।

তিনি বলেন, জেআইসি ছিল মানুষকে ধরে এনে বন্দি করে নির্যাতন চালানোর একটি কেন্দ্র। পরবর্তী সময়ে এটি সর্বজন পরিচিত ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়। সেখানে বন্দিদের দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছরের পর বছর আটকে রাখার নির্মম চিত্র পরিদর্শনের মাধ্যমে কিছুটা হলেও অনুভব করা গেছে।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কোনো টিএফআই সেল, জেআইসি সেল কিংবা তথাকথিত ‘আয়নাঘর’ প্রতিষ্ঠিত না হয়, তা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিক অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

একই সঙ্গে তিনি বলেন, কেউ যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অযথা হয়রানির শিকার না হন। কোনো ব্যক্তিকে দিনের পর দিন বা মাসের পর মাস বন্দিশালায় আটকে রেখে নির্যাতনও করা যাবে না।