সরকারের কাজে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
সরকারের কাজে কোনো ধরনের অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলা, আমলাতন্ত্রের কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি—যেই হোক, দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে শক্ত হাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ভালো কাজ করছেন, তাঁদেরও উৎসাহিত করা হচ্ছে।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বইটিতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সামনে হেলথ কার্ড চালুর উদ্যোগ এবং গ্যাস সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও এতে উল্লেখ করা হয়েছে।
রিজভী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি মাঠে-ময়দানে কাজ করছেন। দিন-রাত পরিশ্রম করে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, সরকারের ভালো কাজগুলো বাধাগ্রস্ত করতে কেউ কেউ অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে সরকারের কার্যক্রমের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা হলে এসব অপপ্রচারের জবাব মিলবে।
আলোচনা সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।