শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় ১২শ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিন নির্বাচিত সংসদ সদস্য (এমপি) শপথ নেবেন। একইসঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২শ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু রয়েছেন।
শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইন উপদেষ্টা রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।