হাতিয়া বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

১১ ফেব্রুয়ারি ২০২৬ - ০৮:৩৪ পূর্বাহ্ণ
 0
হাতিয়া বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় (জামায়াত-এনসিপি) জোটের সংসদ সদস্য প্রার্থী হান্নান মাসউদের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অপতথ্য ছড়িয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাতিয়া উপজেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের জবাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

এক বিবৃতিতে বিএনপি নেতারা জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কয়েকটি গণমাধ্যমে ওই মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করা হয়। এমনকি হান্নান মাসউদকেও তার একটি ভিডিও বক্তব্যে বুড়িচর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে বিএনপি হামলা করেছে বলে মিথ্যা দাবি করতে দেখা গেছে। আমরা হাতিয়া উপজেলা বিএনপি মনেকরি হান্নান মাসউদ ও তার সমর্থকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিএনপিকে দোষারোপ করছেন। এমনকি তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও বিএনপিকে তুলনা করার হীন মানসিকতা প্রদর্শন করেছেন। যা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করা বাংলাদেশপন্থি রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে ঘৃণ্য অপপ্রচার ছাড়া কিছুই নয়। আমরা আরও মনেকরি, নোয়াখালী-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহবুবের রহমান শামীমের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে এবং নির্বাচনে জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থীর নিশ্চিত পরাজয়ের আশংকায় তারা এ ষড়যন্ত্রমূলক বয়ান তৈরি করছে।

আমরা হান্নান মাসউদ এবং তাদের ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের মিথ্যা তথ্য প্রচারের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে হাতিয়া উপজেলা বিএনপিকে ঘিরে অপপ্রচারমূলক তথ্য, গুজব ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি কেউ যদি কোনও নাগরিকের বাড়ি-ঘরে হামলায় জড়িত থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।