দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার একটি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে দেবিদ্বার উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় সড়কের পাশে টানানো ব্যানারটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।
দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন অভিযোগ করে বলেন, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে ব্যানারটিতে আগুন দেওয়া হয়েছে। এটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা না হলেও, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।