জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ আমি নই: তারেক রহমান

৬ অক্টোবর ২০২৫ - ০৭:৫৪ পূর্বাহ্ণ
 0
জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ আমি নই: তারেক রহমান

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই আন্দোলনে তিনি নিজেকে কোনোভাবেই ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখেন না। তার ভাষায়, “জুলাই আন্দোলন নামে যেটি আজ পরিচিত, সেটির সাফল্য এসেছে জুলাই মাসে, কিন্তু এর সূচনা বহু বছর আগে থেকেই।”

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারার সব রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীরা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন। “এটা কেবল একটি দলের আন্দোলন নয়, বরং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণে এটি গড়ে উঠেছিল,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই-আগস্টের এই আন্দোলনে শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছিলেন। “আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থী, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, দোকানদার, গার্মেন্টস কর্মী—সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। এমনকি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও যুক্ত হয়েছিলেন,” বলেন তিনি।

তারেক রহমান জানান, অনেক সাংবাদিক, যারা স্বৈরাচারী শাসনের নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারাও আন্দোলনে ভূমিকা রেখেছেন। “সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনের অংশ ছিলেন। তাই কারও অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই,” বলেন তিনি।

তারেকের মতে, “এই আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের আন্দোলন। কোনো একক ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের জনগণই এই আন্দোলনের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’।”